Sunday, July 22, 2012

যদি ভালো না লাগে তো দিও না মন

গত ১১ মে ২০ দিনের জন্য দেশে এসেছিলেন হুমায়ূন আহমেদ। দেশে এসে তিনি ইমপ্রেস টেলিফিল্মের জন্য 'যদি ভালো না লাগে তো দিও না মন' নামের একটি চিত্রনাট্য লিখেছেন। এটিই ছিল হুমায়ূন আহমেদের শেষবারের মতো দেশে আসা এবং চ্যানেল আইয়ের তথ্য মতে এটিই ছিল নিজ হাতে লেখা তাঁর জীবনের শেষ চিত্রনাট্য। ওই সময়ে হুমায়ূন আহমেদ তাঁর জীবনের শেষ চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা'র একটি প্রদর্শনী দেখেন। ২ জুন চিকিৎসার জন্য আবার নিউ ইয়র্কে চলে যান। হুমায়ূন আহমেদের সেই চিত্রনাট্য নিয়ে তৈরি হলো ইমপ্রেস টেলিফিল্মের টেলিছবি যদি ভালো না লাগে তো দিও না মন। টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, সুইস মডেল ও অভিনেত্রী শেনিন ডমেনিক অ্যালেরি, মাসুদ আখন্দ প্রমুখ।
টেলিছবিটির শুটিং হয়েছে সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, লুসান, সেনিল দ্য ব্যুসি, প্লাইমপালস, রু দি মন্ট ব্লানকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে।


সূত্র: কালের কণ্ঠ (২২/০৭/২০১২)

Saturday, July 7, 2012

আগামী বছরের শুরুতে আসছে পেপাল

আগামী বছরের শুরুর দিকে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। এর ফলে বাংলাদেশি ফ্র্রিল্যান্সার এবং ওয়েব উদ্যোক্তাদের অর্থ লেনদেন সংক্রান্ত ঝামেলা অনেকটাই নিরসন হবে। গত শুক্রবার ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী ডেভসটিম আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের [বেসিস] সদ্য নির্বাচিত সভাপতি এ কে এম ফাহিম মাশরুর। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের [বিডিওএসএন] সাধারণ সম্পাদক মুনির হাসান ও ডেভসটিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাহিম মাশরুর জানান, পেপালের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইনগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বাংলাদেশ ব্যাংক আইনগত বিধিতে কিছুটা পরিবর্তন আনায় বাংলাদেশে পেপালের যাত্রা শুরু করতে কোনো বাধা নেই। মুনির হাসান বলেন, তরুণদের বিভিন্ন সফলতা প্রমাণ করে তারাই আগামীতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করবে। নতুন ফ্রিল্যান্সার তৈরিতে পুরস্কার জয়ী প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত প্রতিযোগিতায় সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসেবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি প্রতিষ্ঠান ডেভসটিম।

সূত্র সমকাল, তারিখ-০৮-০৭-২০১২

সেমিফাইনালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

ফেবারিট তকমা নিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে বিদায় নিতে হলো গতবারের শিরোপাজয়ীদের। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের ইনিংস। সেমিফাইনাল নিশ্চিত জেনেই আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। আর ইংল্যান্ডের এ হারের ফলে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
ইংল্যান্ডের মূল সর্বনাশটা আজ শুরুতেই করে দিয়েছেন লাথিস মালিঙ্গা। ইংলিশ ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত বোলিং করে এক ওভারেই দুই ওপেনার লুক রাইট, অ্যালেক্স হালেক্স ও জনি বেয়ারস্ট্রোকে সাজঘরে পাঠিয়েছেন এই ডানহাতি পেসার। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইয়ন মরগান ও সামিত পাটেল। ১১তম ওভারে মরগানকে আউট করে এই জুটি ভাঙ্গেন আকিলা ধনঞ্জয়। এরপর খুব দ্রুতই রবি বোপারা, জোস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের উইকেটও তুলে নেন লঙ্কান বোলাররা। অষ্টম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে শেষ সময়ে আবার ইংল্যান্ড শিবিরেও জয়ের আশা জাগিয়েছিলেন সামিত পাটেল ও গ্রায়েম সোয়ান। কিন্তু নিজের শেষ ওভারে পাটেলকে সাজঘরমুখী করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মালিঙ্গা। ৪৮ বলে ৬৭ রানের চমত্কার এক লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন সামিত পাটেল। গ্রায়েম সোয়ানের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। শ্রীলঙ্কার পক্ষে ৩১ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন মালিঙ্গা।

কীভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল



আপনার মেইলের পাসওয়ার্ড কেউ হয়তো জেনে গেছে এবং সে মাঝেমধ্যে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করে। অথবা আপনার মেইল ঠিকানাটি হ্যাকিং হয়ে গিয়েছিল, কোনোভাবে হয়তো পুনরায় উদ্ধার করতে পেরেছেন। এখন কীভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করা হয়েছিল? 


জিমেইলের ক্ষেত্রে: প্রথমে জিমেইল ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন। নতুন একটি পেইজ আসবে। 


সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন, কত তারিখ, কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার জিমেইলে প্রবেশ করা হয়েছে, সবগুলোর তালিকা আসবে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে। তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। 

তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।


সূত্র প্রথম-আলো তারিখ-০৮-০৭-২০১২।

নিজের সিম নাম্বার জানুন অতি সহজেই

আমরা অনেকেই বিভিন্ন কোম্পানির মোবাইল সিম ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময়ই আমরা মোবাইল নাম্বার ভুলে যাই নিজের নাম্বার বের করতে কি করবেন তা দেয়া হল-
গ্রামীণফোন *১১১**#
রবি *১৪০**#
এয়ারটেল *১২১**#
বাংলালিংক *৫১১#

Friday, July 6, 2012

৯ জুলাই ইন্টারনেট বিপর্যয়ের ঝুঁকিতে আড়াই লাখ কম্পিউটার।

সারাবিশ্বে ৯ জুলাই আড়াই লাখেরও বেশি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার’ নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন ব্যবহারকারীরা। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে, চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।
কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল। কিন্তু সতর্কতা জারির পরও আড়াই লাখ কম্পিউটার এখনও এই ট্রোজান আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ডেটিকুই জানিয়েছে, সতর্কতা জারির পরও যেসব কম্পিউটার থেকে ম্যালওয়্যার অপসারণ করা হয়নি সেগুলো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের তাদের গ্রেপ্তার করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং(এক ধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রমটি বন্ধ করতে চেয়েছিল এফবিআই। কিন্তু বিষয়টি নিয়ে এখনো অনেকে সচেতন না থাকায় জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এত দিন ধরেই সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য www.dns-ok.us ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বেঁধেছে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তাঁরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ সমস্যা সমাধান প্রসঙ্গে জানিয়েছেন, এই ম্যালওয়্যার থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ইন্টারনেট বিভিন্ন অনেক সহজ টুল ব্যবহার করে এই ম্যালওয়্যার অপসারণ করা যাবে। যদি কোন কম্পিউটারে ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- www.dcwg.org/fix এই লিংকে
নিরাপত্তা বিশ্লেষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সুএ প্রথম আলো তারিখ: ০৫-০৭-২০১২